রেলে অনিয়ম অব্যবস্থাপনা

রনির অবস্থান নিয়ে জানতে চায় হাইকোর্ট

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:৪১ এএম

রেলে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির অবস্থানের বিষয়ে জানতে চেয়েছে উচ্চ আদালত। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মৌখিকভাবে এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীকে বিস্তারিত জানাতে বলেছে আদালত। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। গতকাল সকালে আদালতের কার্যক্রম শুরু হলে এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করে বিশ^বিদ্যালয় শিক্ষার্থী কেন কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এবং সেটি দুদক অবগত আছে কি না, থাকলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা জানতে চায় হাইকোর্ট।

রেলওয়ের টিকিট নিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কয়েক দফা দাবিতে গত ৭ জুলাই থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিউদ্দিন রনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ঈদুল আজহার আগে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর ৭ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন রনি। এ নিয়ে কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিন উদ্দিন মানিক দেশ রূপান্তরকে বলেন, ‘আজ  (গতকাল) আদালত শুরুতেই এটি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি কি না। আমরা বলেছি, পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিষয়টি জেনেছি। হাইকোর্ট বিস্তারিত জানতে বলেন।’ অ্যাডভোকেট খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘একটি ইংরেজি দৈনিকে এ নিয়ে ছবি প্রসঙ্গে হাইকোর্ট আমার কাছে জানতে চাইল রেলে সিন্ডিকেট, দুর্নীতি এসব বিষয়ে দুদক কিছু জানে কি না। বলেছি, বিষয়টি আমাদের নজরে আছে। কমিশনকে অবহিত করেছি। কমিশন এ ব্যাপারে সিরিয়াস। যেহেতু দুর্নীতি ও অনিয়মের প্রসঙ্গ এসেছে তাই দুদকের কাছে এ বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট। আমরা আদালতকে অবহিত করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত