নোভাক জকোভিচের ইউএস ওপেনে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। আয়োজকরা জানিয়েছেন, কভিড-১৯ টিকা না নেওয়া খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়ে সরকারের নিয়মকে সম্মান করবে তারা। জকোভিচ এখনো টিকা নেননি। যে কারণে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে পারেননি জকো।
যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যদের দেশটিতে ঢুকতে হলে কভিড টিকা নিতে হবে। ৩৫ বছর বয়সী জকোভিচ কিছুদিন আগে উইম্বলডনে ২১তম গ্র্যান্ডসø্যাম জয়ের পর বলেছিলেন, ইউএস ওপেনের আয়োজকদের থেকে ‘কিছু ভালো খবর পাওয়ার অপেক্ষা করছেন’। জকোভিচকে যুক্তরাষ্ট্রে খেলতে দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধও করেছেন টেক্সাসের সিনেটর ড্রিউ স্প্রিঙ্গার।
কিন্তু আয়োজকদের এমন ঘোষণার পর জকোভিচের ইউএস ওপেন খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইউএস ওপেনের এবারের আসর ২৯ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হবে। তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের খেলোয়াড় তালিকায়ও আছেন। তবে তালিকায় থাকা মানেই খেলার নিশ্চয়তা নয়।
