মোহামেডান স্পোর্টিংকে বিস্ময় উপহার দিয়ে অবনমনের ঝুঁকিতে থাকা মুক্তিযোদ্ধা সংসদ পেল কাক্সিক্ষত জয়। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ম্যাচে সুদি আব্দুল্লাহর জোড়ায় ২-১ গোলে জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ। ২০ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে তারা এই জয়ে। ওদিকে সানডে চিজোবার হ্যাটট্রিকে ৫-১ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে রহমতগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে অনেকটাই ভালো অবস্থানে উঠে এসেছে। বিপরীতে ১৫তম পরাজয়ে অবনমন প্রায় নিশ্চিতই হয়ে গেছে স্বাধীনতার। শেষ দুই ম্যাচ তাদের শেখ জামাল ও শেখ রাসেলের সঙ্গে। জেতার সম্ভাবনা নেই বললেই চলে ৯ পয়েন্ট পাওয়া দলটির।
গতকাল দিনের ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ৪-১ গোলে হারিয়ে ষষ্ঠ জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। কিংস অ্যারেনায় শুরু থেকে পুলিশ এফসির রক্ষণে ভীতি ছড়ালেও গোলের দেখা পাচ্ছিল না শেখ রাসেল। বিরতির আগ মুহূর্তে তারাই পেয়ে যায় জোড়া গোল। ৪৫তম মিনিটে দলকে এগিয়ে নেন ইসমাইল আকিনাদে। আর যোগ করা সময়ে খালেকুজ্জামানের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গাডজে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমান আমিরুদ্দিন শরিফি। কিন্তু ৫৬তম মিনিটে গাডজের আড়াআড়ি ক্রসে অনায়াস টোকায় স্কোরলাইন ৩-১ করেন আকিনাদে। ৭০তম মিনিটে চার্লস দিদিয়েরের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে লেগে জালে ঢুকলে শেখ রাসেলের জয় নিশ্চিত হয়ে যায়। লিগ জুড়ে উত্থান-পতনের মধ্যে চলা শেখ রাসেল ২৫ পয়েন্ট নিয়ে এখন অষ্টম স্থানে।
বিপিএলে এখন তিন দিনের বিরতি। সোমবার কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ম্যাচ দিয়ে ২১তম রাউন্ড শুরু হবে।
