কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত বুধবার রাতে উখিয়ার লম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পে আবদুল্লাহ নামক এক রোহিঙ্গার বসতঘর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে তারা সাধারণ রোহিঙ্গাদের অবৈধভাবে নকল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আসছিল বলে এপিবিএনের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে ।
আটকরা হলো আবদুল্লাহ (৩৭), আবুল খায়ের (১৮), মোহাম্মদ ত্বালহা (৬০) ও তার ভাই মোহাম্মদ হারুন (৩৬)। তারা উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অপরজন হলো টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ ইসমাইল (৪৫)।
৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, আটকরা রোহিঙ্গাদের ঘরে বসে ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ধরনের জাল সনদ তৈরি করে আসছিল। অভিযান চালিয়ে চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
