ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ করতে হবে : হাইকোর্ট

আপডেট : ২২ জুলাই ২০২২, ০১:৪০ এএম

ট্রেনের ছাদে যাত্রী পরিবহন, টিকিট কালোবাজারি ও অব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি উষ্মা প্রকাশ করেছে উচ্চ আদালত। হাইকোর্ট বলেছে, ছাদে যাত্রী পরিবহন বন্ধ করতে হবে। ব্যত্যয় হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে আদালত।

রেলে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির অবস্থানের বিষয়ে গত বুধবার জানতে চায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। স্বতঃপ্রণোদিত হয়ে মৌখিকভাবে এ আদেশের পর গতকাল বৃহস্পতিবার আদালতে উপস্থিত হন রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশনস) এ এম সালাউদ্দিন, পরিচালক (ট্রাফিক) নাহিদ হাসান খান ও সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস) মো. যুবায়ের হোসেন। আদালত তাদের বক্তব্য শুনে ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধ ও টিকিট কালোবাজারি রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে এবং আদেশের জন্য ৩১ জুলাই ধার্য করে।

উল্লেখ্য, রনির অভিযোগের সূত্র ধরে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল হাইকোর্ট রেলওয়ের কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘ট্রেনের ছাদে লোক উঠে কেন? এটা টাকা রোজগারের পথ। ট্রেন একটি জাতীয় সম্পদ। আপনারা কি ট্রেন গ্রাস করতে চাইছেন?’ 

রেল কর্মকর্তা এ সময় বলেন, ছাদে যাত্রী ওঠা বন্ধ করা যাচ্ছে না। কিছু সীমাবদ্ধতা আছে। এ নিয়ে ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি।’

আদালত বলে, ‘যারা ছাদে উঠে যায় তারা কি টাকা দিচ্ছে না? এটি তো দুর্নীতি। এগুলো ঠিক হতে কত দিন লাগবে। আজ থেকে ছাদে যাত্রী ওঠা বন্ধ থাকবে।’ সবক্ষেত্রে কিছু সিন্ডিকেটের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করে হাইকোর্ট।

এ সময় কমলাপুরে অবস্থান নেওয়া রনি প্রসঙ্গে সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের হোসেন আদালতের উদ্দেশে বলেন, ‘অনলাইনে টিকিট পেতে টাকা পরিশোধ করতে ১৫ মিনিট সময় থাকে। কিন্তু তিনি (রনি) এক ঘণ্টা পর পরিশোধ করেছিলেন। যে কারণে টিকিট পাননি। কিন্তু তিন দিন পর তার টাকা ফেরত দেওয়া হয়েছে।’

তবে জুবায়ের হোসেনের বক্তব্যের বিরোধিতা করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘এটা বলে তারা (সহজ ডটকম) পার পাবে না। এরই মধ্যে ভোক্তা অধিকার তাদের দুই লাখ জরিমানা করেছে। যার ৫০ হাজার টাকা রনি পেয়েছেন।’

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘রেলে অব্যবস্থাপনা নিয়ে হাইকোর্ট হুঁশিয়ারি দিয়ে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ থাকবে বলেছেন। এ বিষয়ে ৩১ জুলাই আদেশ দেবে আদালত।’

প্রসঙ্গত, রেলওয়ের টিকিট নিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে কয়েক দফা দাবিতে গত ৭ জুলাই থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিউদ্দিন রনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ঈদুল আজহার আগে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হন তিনি। অবস্থানের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন রনি। এ নিয়ে কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত