আ.লীগের সম্মেলনস্থলে ছুরিতে যুবলীগকর্মী নিহত

আপডেট : ২২ জুলাই ২০২২, ০১:৪২ এএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের মূল গেটের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। তার নাম মো. আবীর। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আবীরের বাড়ি ময়মনসিংহ নগরীর কৃষ্টপুরের দিল রওশন জামে মসজিদ এলাকায়। তার বাবার নাম আবুল কালাম। তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ওই সম্মেলনে গিয়েছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে ‘জীবনের নিরাপত্তা নেই, যেকোনো সময় ঘটতে পারে প্রাণনাশ’ এমন অভিযোগে মামলা করেছিলেন আদালতে। অথচ সেই আদালত চত্বরেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বিচারপ্রার্থীর। গতকাল দুপুরে সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত ওই বিচারপ্রার্থীর নাম মিজানুর রহমান খোকন। তিনি জগন্নাথপুর উপজেলার গলাকাল গ্রামের ফটিক মিয়ার ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে গত বুধবার রাতে তিনি খুন হন। একই রাতে সিরাজগঞ্জের তাড়াশে হামলায় নিহত হয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন তার ছেলে। কুষ্টিয়া শহরতলিতে ইটের আঘাতে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মিরপুরে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের কৃষ্টপুরের স্থানীয় লোকজন জানান, আবীরকে যুবলীগের মিছিল সমাবেশে দেখা যেত। তিনি যুবলীগ কর্মী ছিলেন। আবীরের সঙ্গে তার প্রতিপক্ষের ব্যক্তিগত বিরোধ চলছিল। বিরোধের জের ধরে বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে ময়মনসিংহ নগরের নয়াপাড়া এলাকায় আবীরকে ধাওয়া করে প্রতিপক্ষ। পরে আবীর পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলনস্থলে ধাওয়া করা ওই প্রতিপক্ষের সঙ্গে দেখা হয় তার। এ সময় আবীর তাদের কাছে গত রাতে তাকে ধাওয়া করার কারণ জানতে চান। এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ময়মনসিংহ জেলা যুবলীগের কয়েকজন নেতা দেশ রূপান্তরকে বলেছেন, আবীর যুবলীগের কেউ ছিল না।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, গতকাল বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। এ সময় নজরুল একাডেমির ডাকবাংলোর সামনে সড়কে এ হত্যাকা- ঘটেছে। তবে কী কারণে এ হত্যাকান্ড সেটি জানা যায়নি।

সুনামগঞ্জ : পুলিশ ও প্রত্যক্ষদর্শী নিহত মিজানুর রহমান ও তার চাচাতো ভাই মাসুক মিয়ার সঙ্গে একই গ্রামের ফয়েজ মিয়াদের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে মিজানুর রহমান একটি মামলাও করেছিলেন। এছাড়া তার চাচাতো ভাই মাসুক মিয়াও ফয়েজ মিয়ার বিরুদ্ধে একটি প্রাণনাশের চেষ্টার ঘটনায় মামলা চলছিল। ওই মামলায় মিজানও যেকোনো সময় তার প্রাণনাশের হুমকি আছে বলে অভিযোগ করেছিলেন। গতকাল দুপুরে তিনি ও মাসুক আদালতে যান। মামলার আসামি ফয়েজসহ চারজন আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার পর আইনজীবী সহকারী সমিতি ভবনের সামনে মিজানকে মাথা-বুকসহ বিভিন্ন জায়গা ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা হলেন ফয়েজ মিয়া, সাজিদ মিয়া, সেবুল মিয়া।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, উভয়পক্ষে পূর্ব বিরোধ ছিল। তারই জেরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কমলগঞ্জ : দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে নিহত চা শ্রমিকের নাম রথীরাম নায়েক (৪০)। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই দর্গানা অলমিক ও সুশীল অলমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানের কানিহাটি লাইনে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি একই বাগানের শ্রমিক গোপেস নায়েকের ছেলে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ : পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারধরে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে নিহত হয়েছেন গোলবার হোসেন (৪৫)। আহত হয়েছে তার ছেলে শাকিল (১৭)।

দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস ও এলাকাবাসী জানান, গোলবার হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। বুধবার রাতে আড়ংগাইল বাজারে গোলবার ও তার ছেলে শাকিলের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় দেলোয়ার হোসেন ও তার লোকজন।

আহত শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাড়াশ থানার ওসি শহীদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া : শহরতলির চালের বর্ডার এলাকায় লিয়াকত ম-ল (৬৪) নামে এক হোটেল ব্যবসায়ীকে ইটের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত লিয়াকত চালের বর্ডার এলাকার বাসিন্দা। তার ছেলে ইমরান ম-লের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় যুবক সবুজ ও মুন্নাসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাবার বুকে ইট দিয়ে আঘাত করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, মরদেহ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে মিরপুর উপজেলার মিরপুর-পোড়াদহ সড়কের কালিতলা মাঠ থেকে নজরুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টায় জিকে সেচ খালের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের সোলাইমান ইসলামের ছেলে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার মনোমালিন্য চলে আসছিল। বুধবার বিকেলে নজরুল নিজ বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি যান।

মিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মস্তফা জানান, এখনো কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত