দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০ লাখ ২৭৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০ জনের নমুনা পরীক্ষায় ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়। আগের দিন ৯ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ১০৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। আগের দিনে গত বুধবার মারা গিয়েছিল একজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ২৫৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত বুধবার করোনা শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ। গতকাল তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশে। অর্থাৎ ২৪ ঘণ্টায় সংক্রমণ কমেছে ২ দশমিক ৩৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৫২ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৯৩ জন। শনাক্তের হার ৭ দশমিক ০৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ০৩ শতাংশ।
