যে ভুলে চুল পড়ে

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১২:৫৩ এএম

অনেক পরিচর্যার পরেও অনেকের চুল পড়ে। ভুল ও অতিরিক্ত পরিচর্যা দুটোই চুলের জন্য ক্ষতিকর। মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে কী করবেন জানালেন বিউটি এক্সপার্ট  খালেদা পারভিন সিনথিয়া

প্রতিদিন শ্যাম্পু

যাদের মাথার স্ক্যাল্প তৈলাক্ত তারা বাইরে বের হলে চুল ময়লা হয়ে যায়, স্ক্যাল্পও ঘামে। তখন প্রায় প্রতিদিনই শ্যাম্পু করতেই হয়। এক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু বা সালফেট, প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। হার্শ শ্যাম্পু ব্যবহারে কালার ট্রিটেড হেয়ার খুব তাড়াতাড়ি নষ্ট হয়।  চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিতে হবে। অনেকে সপ্তাহে একদিন শ্যাম্পু করেন। নিয়মিত শ্যাম্পু না করার কারণে চুলের ন্যাচারাল সিবামের সঙ্গে ধুলোবালি মিশে স্ক্যাল্পে পুরু লেয়ার তৈরি হয়। ফলে চুলের গোড়া নরম হয়, সেই সঙ্গে খুশকিরও সমস্যা দেখা দেয়।

কন্ডিশনার ব্যবহার

চুলের গোড়াতে কন্ডিশনার লেগে গেলে চুল পড়ার সমস্যা বাড়ে। কন্ডিশনার সরাসরি স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না। শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কারের পর ভেজা অবস্থাতে চুলের মাঝামাঝি লেন্থ থেকে শেষ পর্যন্ত কন্ডিশনার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চুল আঁচড়ানো

বারবার চুল আঁচড়ালে চুল ভেঙে যায়, কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। ভেজা অবস্থাতে চুল আঁচড়ানোও ঠিক না। ভেজা চুল নাজুক থাকে। তাই চুল হালকা শুকালে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিন। চুল আঁচড়াতে বড় দাঁতের পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। শুকনো চুল আঁচড়ানোর সময় ভাগ ভাগ করে হেয়ার ব্রাশ করুন, মাঝ বরাবর স্টার্ট করে চুলের শেষ পর্যন্ত  আঁচড়ান। চুল আঁচড়াতে কাঠের চিরুনিও খুব ভালো। তাড়াহুড়ো করে প্রেশার দিয়ে জোরে জোরে ব্রাশ করলে চুল পড়ার সমস্যা বাড়ে। অনেকেই ভাবেন জোরে জোরে আঁচড়ালে চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং চুল ভালো থাকে। কিন্তু বেশি প্রেশার দেওয়া উচিত না, কারণ এতে হেয়ার ফলিকল ক্ষতিগ্রস্ত হয়।

তোয়ালে দিয়ে চুল ঝাড়া

ভেজা চুল নরম সুতির গামছা বা তোয়ালে দিয়ে আস্তে আস্তে চেপে পানি মোছা উচিত। তোয়ালে বা গামছা দিয়ে চুল ঝাড়া উচিত না। ভেজা চুলে ঘুমানোর অভ্যাসও চুলের ক্ষতি করে। তাই এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে।

চুল সজ্জার যন্ত্রপাতি

অতি প্রয়োজন ছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহার না করা। ব্যবহারের সময় নিরাপদ দূরত্বে রেখে চুলের গোড়াতে সরাসরি ড্রায়ারের তাপ না দিয়ে জেন্টল মুডে ব্যবহার করুন। বারবার স্ট্রেইট বা কার্লি করলেও চুলের ক্ষতি হয়। তাই হিট স্টাইলিং টুলস ব্যবহার করলে অবশ্যই হিট প্রোটেকটর সিরাম বা স্প্রে ব্যবহার করে নিন।

তেল বা হেয়ারপ্যাক

ময়লা স্ক্যাল্পে তেল বা হেয়ারপ্যাক লাগানো ঠিক না। তেলের সঙ্গে বাইরের ধুলোবালি মিশে স্ক্যাল্পের যে পোরস থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। ফলে চুল পড়ে। তাই পরিষ্কার চুলে তেল বা হেয়ার প্যাক ব্যবহার করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত