অবৈধ পথে যাওয়া বন্ধ করতে ইতালিতে বাংলাদেশিদের বৈধভাবে কাজের সুযোগ তৈরির জন্য বাংলাদেশ ও ইতালি সরকার যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পথে ইতালি গমন সবার জন্য উদ্বেগজনক। তাই মানবিক কারণে জীবন বাঁচাতে, শ্রম অভিবাসীদের প্রতারণা ও নির্যাতন থেকে বাঁচাতে সর্বোপরি মানব পাচার দমনে জনসচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত।
তিনি আরও বলেন, ‘বিপজ্জনক পথে যারা ইতালি যাওয়ার ঝুঁকি নেন, তারা মানব পাচারের শিকার হয়ে প্রতারণা, অমানবিক হিংস্রতা ও অত্যাচারিত হচ্ছেন। ভূমধ্যসাগর এবং উত্তর-পশ্চিম আটলান্টিক সাগর পাড়ি দিতে গিয়ে গত বছর ৩ হাজার ২৩১ জন মৃত্যুবরণ করেছেন। তাই মানব পাচার বন্ধ করার জন্য পাচারকারীদের দমন, অবৈধ অভিবাসন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ পথে বিদেশ যাওয়ার পেছনের মূল কারণ খুঁজে বের করা এবং শ্রম অভিবাসী আইনানুসারে বিকল্প বৈধ পথ প্রদর্শন জরুরি।’ মানব পাচার নিরুৎসাহিত করতে দক্ষ শ্রমিক তৈরির জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বানও জানান তিনি।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। মতবিনিময় সভায় জেলার ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং অভিবাসীদের অভিভাবকরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, ‘শরীয়তপুর জেলায় প্রবাসী, বিশেষ করে ইতালি প্রবাসীর সংখ্যা বেশি হওয়ায় রেমিট্যান্সও অনেক। তাই দালালের মাধ্যমে সমুদ্রপথে, মরুভূমিসহ বিভিন্ন মাধ্যমে কেউ বিদেশ পাড়ি দেবেন না। যারা মানব পাচার ও দালালি করেন এখনো সময় আছে আপনারা ফিরে আসেন। নয়তো আপনাদের অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দক্ষ শ্রমিক রপ্তানি করতে প্রতি জেলাতেই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আগামীর উন্নত বাংলাদেশ গড়তে ওই সব কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত জনবল অগ্রণী ভূমিকা পালন করবে।’
