স্বামীকে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৬:২০ এএম

নরসিংদীর শিবপুরে স্বামীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্ত্রী ঝুনু বেগম। তিনি গতকাল শুক্রবার সকালে থানায় গিয়ে হত্যার বিষয়টি জানালে পুলিশ বাড়ি থেকে নিহত মোফাজ্জল প্রধানের (৩৮) লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মোফাজ্জল প্রধান খড়িয়া গ্রামের প্রয়াত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। তার স্ত্রী ঝুনু বেগম (৩২) একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০ বছর আগে মোফাজ্জল প্রধানের সঙ্গে ঝুনু বেগমের বিয়ে হয়। এই দম্পতির মাহিন  প্রধান (১৭) নামে এক ছেলে সন্তান রয়েছে। মোফাজ্জল নির্মাণশ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে মোফাজ্জলের সঙ্গে স্ত্রী ঝুনুর বাগ্্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাবল নিয়ে স্ত্রীর দিকে তেড়ে যান মোফাজ্জল। তখন শাবল ছিনিয়ে নিয়ে স্ত্রী ঝুনু পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই মোফাজ্জলের মৃত্যু হয়। পরে সারা রাত স্বামীর লাশের পাশে থেকে সকালে শিবপুর থানায় গিয়ে পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা জানান ঝুনু। এরপর শিবপুর থানা পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থল থেকে মোফাজ্জলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত