নড়াইলে সাম্প্রদায়িক হামলা

ক্ষতিগ্রস্তদের পাশে ১৪ দলের নেতারা

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৬:২২ এএম

নড়াইলে হামলায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষস্থানীয় নেতাদের একটি প্রতিনিধিদল। গতকাল শুক্রবার দুপুরে আওয়াামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিনিধিদল দিঘলিয়া বাজারের ক্ষতিগ্রস্ত দোকান, সাহাপাড়ার বাড়িঘর ও মন্দির পরিদর্শন করে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলটির নেতারা। 

প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়য়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, গণ আজাদী লীগের এস কে সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় এবং বাসদ (রেজা), তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টির নেতারা।

এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্থানীয় মন্দিরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ১৪ দল প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব সময় আপনাদের পাশে থাকবে। কে সংখ্যালঘু বা কে সংখ্যাগুরু, এসব কোনো হিসাব নেই। হিসাব একটাইÑ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই সমান।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘পদ্মা সেতুতে উঠে মনটা আনন্দে ভরে উঠেছিল, আবার সাহাপাড়ায় এসে মনটা ব্যথিত হয়ে গেল। এখানে যারা নিরীহ মানুষদের বাড়িঘরে আগুন দিল এই অপশক্তিকে একাত্তরের মতো আবারও আমাদের রুখে দিতে হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার মহা সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বারবার মিথ্যাচার করছে, ষড়ষন্ত্র করছে, তাদেরই পৃষ্ঠপোষকতায় এই সাম্প্রদায়িক দাবানল। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে পাহারাদার হতে হবে। এ ঘটনার শুরু থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই জনপদের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা সব সময় আপনাদের পাশে আছেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান-মন্দির সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আছেন আপনাদের পাশে। কোনো অপশক্তি আপনাদের জন্মভিটার এই মাটি থেকে আপনাদের উৎখাত করতে পারবে না। আমাদের জীবন থাকতে, আমরা আপনাদের নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না।

বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, আপনারা ভীত হবেন না। আপনাদের নন্দিত সংসদ সদস্য একজন সাহসী নেতা, সাহসী ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা, তিনিসহ আমরা সবাই আছি। এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের অনুসারীদের বিশেষ আহ্বান জানান।

এ ছাড়া স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তির ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কেন্দ্রীয় ১৪ দলের উপস্থিত নেতারা।

মতবিনিময় সভা শেষে ক্ষতিগ্রস্ত মন্দিরে ১ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত