ধনবাড়ীতে পুলিশ বিএনপি সংঘর্ষ আহত ৮

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৬:৩১ এএম

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। এতে পুলিশসহ বিএনপির ৮ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার শহীদ বলেন, নেতাকর্মীরা সম্মেলনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এ সময় মধুপুর উপজেলার অরণখোলা ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুনকে আটক করে থানায় নেওয়ার সময় নেতাকর্মীরা বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় ৩ জন নেতাকর্মী গুলিবিদ্ধ আর বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি চান মিয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির একটি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে আক্রমণ করে। পরে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত