হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক : প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৩:৩৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের উদ্দেশে বলেছেন, ‘যারা নাই নাই, গেল গেল, হায় হায় করে বেড়াচ্ছে, সেই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝেমধ্যে তাদেরও তো একটু বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই। দেশ এগিয়ে যাক এবং বাংলাদেশ এগিয়ে যাবে।’

গতকাল রবিবার ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন ও ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল অনুষ্ঠানে যুক্ত হন। সরকারপ্রধান বলেন, ‘জনগণের ওপর আমাদের ভরসা আছে, জনগণ আমাদের পাশে আছে। আর জাতির পিতাই আমাদের বলে গেছেন ‘বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবা না’। আমাদের আসলেই কেউ দাবায়ে রাখতে পারেনি। পদ্মা সেতুতে বাধা দিয়েছিল। সেই বাধা অতিক্রম করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি যে, বাংলাদেশ পারে, আমরা পারি।’

করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে বিশ্বমন্দার পরিস্থিতি বিবেচনা না করেও যারা ঢালাও সমালোচনা করেন এবং বাংলাদেশকে অচিরেই শ্রীলঙ্কার কাতারে এনে দাঁড় করাতে চান, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মাছের কোনো অভাব হবে না এবং নতুন রপ্তানি আইটেম যুক্ত করতেও সক্ষম হব। যাদের জলাধার আছে, তারা যেন সেই জলাধারকে মাছ চাষের আওতায় আনার ব্যাপারে বিশেষ মনোযোগ দেন।’

‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

হাওর অঞ্চলে মৎস্য উৎপাদনের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু হাওর না, বাঁওড়, খাল, বিল, বিভিন্ন জলাধার এত জায়গা আমাদের। আমার তো মনে হয়, যার যেখানে এ ধরনের জলাধার আছে, তারা যদি এ মৎস্য উৎপাদন করার দিকে একটু নজর দেন, শুধু মাছও না মাছের সঙ্গে কাঁকড়া, শামুক, ঝিনুক সব কিছুই চাষ করা যায়। কাজেই এসব করতে পারলে আমাদের নিজেদের কোনো অভাব থাকবে না। রপ্তানির ক্ষেত্রে আমরা নতুন নতুন পণ্য দিতে পারব।’

প্রধানমন্ত্রী সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে খাদ্য ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং তরুণ প্রজন্মকে এ লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক-২০২২ প্রদান করেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক পুরস্কার পর্বটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. ইয়ামিন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদ্যাপন উপলক্ষে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে মৎস্য খাতে দেশের উন্নয়নবিষয়ক একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রসংলগ্ন মাঠে তিন দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

‘পদোন্নতিতে সৎ-দক্ষদের গুরুত্ব দিন’ : নৌ ও বিমানবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, সততা, পেশাগত দক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘নৌ এবং বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২২’ এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নৌবাহিনী এবং বিমানবাহিনী সদর দপ্তরে সংযুক্ত হন।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ওপর গুরুত্ব আরোপের নির্দেশনা দেন। এই পর্ষদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ভবিষ্যতে তাদের সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বিমানবাহিনীকে দেশমাতৃকার সেবায় আরও ভালোভাবে সম্পৃক্ত করবেন বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন।

নৌবাহিনী এবং বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্ষেত্রে ক্যাপ্টেন থেকে কমোডর, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং লে. কমান্ডার থেকে কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নৌবাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ পর্ষদ, সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত