রাসিক মেয়রের সঙ্গে বৈঠক দোরাইস্বামীর

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৪:০১ এএম

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল রবিবার বেলা সাড়ে ৩টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী ও ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত নৌরুট চালু ও রাজশাহী থেকে কলকাতা ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠক শেষে মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘আমাদের নৌপথটি সচল করে ভারত থেকে মালামাল রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নেওয়া যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত ট্রেন সার্ভিসের প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনি এসব বিষয়ে সম্মত হয়েছেন। তার সরকারকে এটি অবহিত করবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘রাজশাহীর সঙ্গে ভারতের নৌরুট চালু ও ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত সরকারও আন্তরিক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত