এই দিনে

সৈয়দ আলী আহসানের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৮:০১ এএম

সাহিত্যিক, শিল্প-সমালোচক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আলী আহসানের মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের ২৫ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

সৈয়দ আলী আহসান ১৯২০ সালের ২৬ মার্চ বর্তমান মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। সৈয়দ আলী আহসান সক্রিয়ভাবে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। ‘পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 

১৯৪৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতায় যোগ দেন। ১৯৫৪ সালে করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান নিযুক্ত হন। ১৯৬০ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন নিযুক্ত হন। 

১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ভারতে চলে যান এবং কলকাতায় অবস্থান করে যুদ্ধের পুরো ৯ মাস স্বাধীনতার পক্ষে কাজ করেন। স্বাধীনতার পর তিনি ১৯৭২ সালে সদ্যপ্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। 

১৯৭৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। ১৯৮৯ সালে জাতীয় অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। 

অধ্যাপক আহসান ১৯৬৭ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’, ১৯৮৩ সালে ‘একুশে পদক’ এবং ১৯৮৭ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত