হোপের সেঞ্চুরি ম্লান অক্ষরের ফিফটিতে

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১১:২৫ পিএম

লক্ষ্য তাড়ায় শেষ ১০ ওভারে একশ রানের সমীকরণ মেলানো সহজ কথা নয়। গত ২২ বছরে ওয়ানডে ক্রিকেটে যা দেখা গেছে স্রেফ তিনবার। উইন্ডিজকে হারিয়ে এই সংখ্যা বাড়াল ভারত। বিস্ফোরক ইনিংস খেলে দলটির জয়ের নায়ক অক্ষর প্যাটেল বলেছেন আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হয়েছেন তিনি। উইন্ডিজের দেওয়া ৩১২ রানের লক্ষ্য তাড়ায় ৭ নম্বরে নেমে অক্ষর খেলেন ৬৪ রানের খুনে ইনিংস। ৩৫ বলের ইনিংসটি সাজান তিনি ৫ ছক্কা ও ৩ চারে। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

অক্ষর যখন উইকেটে যান, ৬৮ বলে ভারতের দরকার ১০৭ রান। পরে শেষ ৬০ বলে দরকার হয় ঠিক ১০০। তাণ্ডব চালিয়ে ২ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এক ম্যাচ বাকি থাকতে ভারত জেতে সিরিজ। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে শেষ ১০ ওভারে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার তালিকায় ভারত জায়গা করে নিল চারে। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১০৯ রান করে জিতেছিল পাকিস্তান। ২০০৫-এ  ১০২ রান করে নিউজিল্যান্ড জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০১ রান করে জয় পায় নিউজিল্যান্ড।

কঠিন সব সমীকরণ মেলানোর দৃশ্য দেখা যায় ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২ উইকেটে জেতার পর অক্ষর বলেন, আত্মবিশ্বাস পেয়েছেন তিনি সেখান থেকেই, ‘যখন আমি উইকেটে যাই, ওভারে ১০-১১ রান করে নেওয়ার লক্ষ্য স্থির করি। আইপিএল অভিজ্ঞতার কারণে আমাদের মনে হয়েছে, এটা করা সম্ভব।’

সবশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৮২ রান করেন আকসার। যেখানে গড় ছিল তার ৪৫.০৫ এবং স্ট্রাইক রেট ১৫১.৬৬। সব মিলিয়ে আইপিএলে ৮৮ ইনিংসে ব্যাটিং করে ১২৮.৮৩ স্ট্রাইক রেটে আকসারের রান ১ হাজার ১৩৫।

ওয়ানডেতে শততম ম্যাচে চতুর্থ ক্যারিবিয়ান ও দশম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন শেই হোপ নিকোলাস পুরান টস জিতে আগে ব্যাট নেওয়ার সুবিধায়। ছক্কা মেরে ১৩তম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছান তিনি ১২৬ বলে। এতে ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে সবচেয়ে বেশি ফিফটি প্লাস ইনিংস খেলার কীর্তি গড়েন হোপ। বিরাট কোহলির ২১ হাফ সেঞ্চুরির চেয়ে একটি অর্ধশতক বেশি তার। মাঝে অধিনায়ক পুরানকে ৭৪ রানে হারানো হোপ ৪৯তম ওভারে আউট হন। জবাবে শুভমান গিলের ৪৩, শ্রেয়াস আয়ারের ৬৩, সঞ্জু স্যামসনের ৫৪, দিপক হুড়ার ৩৩ এর পর অক্ষর প্যাটেলের ফিফটিতে জয় পেয়ে যায় ভারত। ২০০১-এর পর সফল রান তাড়ায় শেষ ১০ ওভারে চতুর্থ সর্বোচ্চ রান করল ভারত। একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি ওয়ানডে সিরিজ জয়ের তালিকায় শীর্ষে উঠল ভারত এই জয় দিয়ে। ২০০৭ সাল থেকে উইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটের কোনো সিরিজ হারেনি ভারত। গত ১৫ বছরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১২টি দ্বিপক্ষীয় সিরিজ জিতল তারা।

১৯৯৬ থেকে ২০২১ সালের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। এই পাকিস্তানই ১৯৯৯ থেকে ২০২২ সালের মধ্যে উইন্ডিজের বিপক্ষে টানা ১০টি এক দিনের সিরিজ জিতেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত