ইতিহাসের প্রথম বাজেট সহায়তা দিয়েছে জাপান

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২:০৬ এএম

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট সহায়তা দিয়েছে জাপান। কভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাব প্রশমিত করতে জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা দিয়েছে, যা রাশিয়া-ইউক্রেন সংকট মোকাবিলায়ও সাহায্য করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল সোমবার সচিবালয়ে জাইকা প্রেসিডেন্ট আকিহিকো তানাকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, কভিড-১৯ মহামারীর শুরুতে জাপান বাংলাদেশকে যে বাজেট সহায়তা প্রদান করেছে তা, বাংলাদেশ-জাপান উভয় দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট সহায়তা। দিনে দিনে জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হয়ে উঠেছে। আমার বিশ্বাস, জাইকা ভবিষ্যতের বৈশ্বিক অনিশ্চয়তা বিবেচনা করে, প্রয়োজনীয় বাজেট সহায়তাসহ আমাদের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য আরও অর্থায়ন বাড়াবে। এসময় তিনি বাংলাদেশের মহান বন্ধু জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে সমবেদনা এবং জঘন্য হত্যাকা-ের নিন্দা জানান।

জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাইকার সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক সূচকে বিভিন্ন প্রতিবেশী দেশের থেকে বর্তমানে অনেক এগিয়ে রয়েছে। সহযোগিতার সফল বাস্তবায়নের কারণে এ মুহূর্তে জাপানের সরকারি উন্নয়ন সহযোগিতার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম। বিভিন্ন সামাজিক সূচকে অগ্রগতি অর্জনের মাধ্যমে উন্নয়নের একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে বাংলাদেশ। এ সফরে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্রটা নিজের চোখে দেখে তিনি উপলব্ধি করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত