হঠাৎ করে হিড়িক পড়ে গেছে তারকাদের বিয়ে ও বিচ্ছেদের। সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি ঘটনা নিয়েই আমাদের এবারের আয়োজন। লিখেছেন সুদীপ্ত
পূর্ণিমার দ্বিতীয় বিয়ে
গত বৃহস্পতিবার রাতে জানা গেল, নতুন করে সংসার পেতেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। বিয়ের খবর নিশ্চিত করেন পূর্ণিমা নিজেই। পূর্ণিমার নতুন স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। বিয়ের খবর জানিয়ে পূর্ণিমা বলেন, ‘চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। দুজনেরই যখন মনে হয় জীবনসঙ্গী হিসেবে, পার্টনার হিসেবে আমাদের এগোনো উচিত, তখনই পরিবারকে জানাই। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। মাসখানেক আগে পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে। নতুন স্বামী প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘রবিন ভালো একজন মানুষ। যার কাছে সবকিছু বলা যায়। যাকে সবক্ষেত্রে বিশ্বাস করা যায়।’
টুটুল-তানিয়ার বিচ্ছেদ
গত সপ্তাহের শুরুতে সংগীতশিল্পী এসআই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ পায়। জুলাই মাসের শুরুর দিকে আমেরিকায় শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেন তিনি। সোনিয়ারও এটা দ্বিতীয় বিয়ে। নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। কনসার্টসহ নানা কাজে নিউ ইয়র্কে যাতায়াত করেন টুটুল। সেখানে আরটিভির ‘বাংলা গায়েন’ থেকে সোনিয়ার সঙ্গে পরিচয়। এর আগে ১৯৯৯ সালে অভিনেত্রী তানিয়া আহমেদকে বিয়ে করেছিলেন টুটুল। গত পাঁচ বছর আলাদা ছিলেন তারা। গত বছর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। টুটুল ও তানিয়া দম্পতির ঘরে রয়েছে অনয়, শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে। তবে এক সাক্ষাৎকারে তানিয়া জানিয়েছিলেন, তাদের ঘরে দত্তক নেওয়া দুই কন্যাসন্তানও রয়েছে। নাম আয়াত ও সামিয়া।
শবনম ফারিয়ার বিচ্ছেদ ও বিয়ে!
গুঞ্জন আছে, নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বরের নাম জাহিদ। বিদেশে লেখাপড়া শেষ করে জাহিদ দেশেই থাকছেন। কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তবে এ বিষয়ে কোনো কিছু জানাননি শবনম ফারিয়া। এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। বিচ্ছেদের পর সম্প্রতি বিয়ে করেছেন ফারিয়ার সাবেক স্বামী অপু। তার নতুন স্ত্রীর নাম নওরিন আহমেদ। তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল।
সারিকার দ্বিতীয় বিয়ে
গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ে করেন ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বর আহমেদ রাহি। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পাশাপাশি দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক তিনি। সারিকার প্রথম বিয়ে হয় ২০১৪ সালে মডেল ও ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে। তাদের সংসারে এক মেয়ে আছে। সম্পর্কের টানাপড়েনের জেরে তাদের বিচ্ছেদ হয়। এর আগে মডেল-অভিনেতা নিরবের সঙ্গে একটা সময় তার প্রেম ছিল দারুণ আলোচিত। তবে তারা বিয়ে করেননি।
