আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়টি যেহেতু এখনো সিদ্ধান্ত হয়নি, আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। কারণ সংলাপের বিষয়টি দলের সিদ্ধান্তের ব্যাপার, সরকারের সিদ্ধান্তের ব্যাপার।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে চা খাওয়ার দাওয়াতের কথা বলে আসলে সংলাপের দরজা খুলতে চাইছেন কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘দেখুন, এ তো পলিটিক্যাল হিউমার। যেমন বেগম খালেদা জিয়াকে টুপ করে ফেলে দেওয়ার কথাটি হিউমার। তারা (বিএনপি) ঘেরাও করবে, আন্দোলন করবে এটারই জবাবে হিউমারের দিক থেকে বলেছেন।’ তিনি আরও বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুলরা ঘেরাও করতে এলে চা খাওয়ালে অসুবিধা কী?’
সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্ত দেবেন, তখন সবাই জানতে পারবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা তো ওপেন সিক্রেট।’
সংলাপের সুযোগ থাকছে কি না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখনো এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। কাজেই আমি এ সিদ্ধান্তটা আগাম কেন বলব?’ নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি যায়নি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে বিএনপির যাওয়াটা তাদের অধিকার। তারা এখন যদি নিজেরা ইচ্ছা করে না যান, সেখানে আমরা রাজনৈতিক দল হিসেবে কী বলব?’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের যদি বলি তাহলে বলব নির্বাচন কমিশনের সংলাপে সবার যাওয়া উচিত এবং আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। সেজন্য বিএনপির মতো একটি বড় দল বাইরে থাকবে সেটি ঠিক নয়। আমরা মনে করি, তারা আসুক। আমরা মনেপ্রাণে চাই নির্বাচনটা তাদের সঙ্গে হোক।’
ওবায়দুল কাদের বলেন, ‘জ্বালানি, গ্যাস সংকট সারা বিশ্বে চলছে। এটা সবাই জানে। আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। সংকটটা সামনের দিনগুলোতে আরও বাড়বে কি না, সেটা এই মুহূর্তে বলতে পারব না।’ তিনি বলেন, ‘জ্বালানি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে মনে হয়, পরিস্থিতি সামাল দিতে পারব। আমাদের এগুলো মেইনটেইন করতে হবে, কৃচ্ছ্রসাধন করতে হবে।’
পরিবহন ভাড়া বাড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ভাড়া বাড়বে কি না, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ কথা এখন বলতে পারব না। যখন বাড়বে তখন বলতে পারব।’
