সেতু নির্মাণে গাফিলতিতে সংযোগ সড়কে ধস

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২:৫৫ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি গার্ডার সেতুর নির্মাণকাজে ঠিকাদারের গাফিলতির কারণে সংযোগ সড়ক ধসে পড়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে কংক্রিটের তৈরি সড়কটি ধসে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার জুলধা ও শিকলবাহা ইউনিয়নের সংযোগ সড়কের পাইপের গোড়া বাজারের পাশে খালের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। ১৫ মিটার দৈর্ঘ্যরে এ সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৮৭ লাখ ৮৯ হাজার ১৯১ টাকা। সেতু নির্মাণের কাজটি পায় মেসার্স ‘সানজা কনসোর্টিয়াম লিমিটেড’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সানজা কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান ফোরকান আহমদ বলেন, ‘জোয়ারের স্রোতে সড়ক ভেঙে গেলে আমার কিছু করার নেই। সেতুর কাজ প্রায় শেষের পথে। এলাকার মানুষ ধৈর্য ধরলে কাজটি করা সম্ভব। নির্মাণকাজে কোনো অনিয়ম হচ্ছে না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খান ফকির বলেন, ‘আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত