গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা আর বালি ভর্তি ড্রাম ট্রাকের সংঘর্ষে হানিফ মৃধা (৫০) নামে এক ফল ব্যবসায়ী মারা গেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর বরমী আঞ্চলিক সড়কের কায়েত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশ ড্রাম ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা জব্দ করে। তবে ঘাতক চালক পালিয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
নিহত হানিফ মৃধা (৫০), শ্রীপুরের বরমী এলাকার নবী মৃধার ছেলে। তিনি বরমী দক্ষিণ বাজার কেন্দুয়া এলাকায় ফলের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর থেকে বরমীর দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসছিল। সে অটোতে হানিফ মৃধা যাত্রী ছিলেন। এ সময় অটোরিকশায় এক শিশুসহ আরও তিন যাত্রী ছিলেন। অটোরিকশাটি কায়েতপাড়া এলাকায় আসলে শ্রীপুরগামী বালু ভর্তি বেপরোয়া একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাক চাপায় হানিফ মৃধা গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ড্রাম্পট্রাক ও দুর্ঘটনা কবলিত ব্যাটারি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছে।
