জনগণ গণভবনে চা খেতে যাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, যাবে আপনাকে বিদায় করতে।
তিনি আরও বলেছেন, বিদ্যুৎ নিয়ে কয়েক মাস আগে অনেক মাতামাতি শুনলেও আসলে তা ছিল ফাঁকা বুলি। তাই এই সরকারের উন্নতি, ঘরে ঘরে মোমবাতি। জনগণের হাতে সরকার হারিকেন ধরিয়ে দিয়েছে।’
বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আপনি যে বিএনপিকে বললেন আপনার বাড়ি ঘেরাও করতে আসলে আপনি চা খাওয়াবেন। চা খেতে গেলে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আছে তো আপনার কাছে? জনগণ গণভবনে চা খেতে যাবে না, যাবে আপনাকে বিদায় করতে।’
তিনি বলেন, ‘২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা শুনেছি। দরকার ১১ হাজার মেগাওয়াট। এখন ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎও নেই। কুইক রেন্টালের মাধ্যমে কাদের কত টাকা দেওয়া হয়েছিল, কত টাকা ঋণ দেওয়া হয়েছিল, কতটুকু বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল আর কতটুকু পেয়েছেন, কত টাকা দিয়েছেন আর কত টাকার বিদ্যুৎ পেয়েছেন তার হিসাব দিন। জনগণ বিদ্যুৎ পাবে না, কিন্তু ঋণ পরিশোধ করবে কেন?’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টুস করে ফেলে দেবেন-এটা নাকি হাস্যরসাত্মকভাবে বলেছেন।’ আমি বলব খালেদা জিয়ার সঙ্গে ঠাট্টা করেন, কিন্তু ১৪ বছর ধরে জনগণের সঙ্গে যে ঠাট্টা-মশকরা করছেন তার প্রতিশোধ জনগণই নেবে।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।
