সরকার এখন বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সব অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
গত ২২ জুলাই একটি বক্তব্যকে বিকৃত করে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাত নেতার নামে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতার মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার।’
তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও তারা কেড়ে নিয়েছে। রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ওই সব বিএনপি নেতার নামে দায়ের করা মিথ্যা মামলা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন-নির্যাতনেরই বহিঃপ্রকাশ।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার ব্যর্থতার এক বিশাল স্তূপের ওপর বসে আছে। রাষ্ট্রীয় অর্থনীতি লোপাটে দেশে এখন চলছে ভয়ংকর এক নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে জ্বালানি এখন চরম সংকটাপন্ন। ডলারের নজিরবিহীন দাম বৃদ্ধিতে দেশের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই বিএনপি নেতাকর্মীদের সরকার অসত্য ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে দিচ্ছে।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি নেতাদের নামে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার ও পুলিশের হয়রানি বন্ধের আহ্বান জানান।
