এবার ব্যর্থ বাবর

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০২:০৬ এএম

বাবর আজম পারেননি, তাই পাকিস্তানও পারেনি। মার্চে ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্ট বাঁচিয়েছিলেন বাবর। ১১৯ ও ৫৫ রান করে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট জিতিয়েছিলেন। কিন্তু এই গলেই দ্বিতীয় টেস্টে ১৬ রান করেন বাবর। দ্বিতীয় টেস্টে ৫০৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করে সফল না হন, ড্র করতেও বাবর আজমের ব্যাট হাসতে পারত। পারেননি বাবর। ১৪৬ বল খেলে ৮১ রান করেন গতকাল দ্বিতীয় ইনিংসে। পাকিস্তান দ্বিতীয় সেশনেই গুটিয়ে যায় ২৬১ রানে। ২৪৬ রানে ম্যাচ জিতে সিরিজ ড্র রাখতে পেরেছে তাই শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে ২৯ উইকেট শিকার করলেন বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া। ইতিহাসে প্রথম টেস্টে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল ভারতীয় লেগস্পিনার নরেন্দ্র হিরওয়ানির। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। তাদের অর্জিত পয়েন্ট শতাংশ ৫৩.৩৩। ভারতের ৫২.০৮। পাকিস্তান ৫১.৮৫ নিয়ে পঞ্চম স্থানে। ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭০ শতাংশ পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত