ইরাকে পার্লামেন্ট ভবনে ঢুকে ব্যাপক বিক্ষোভ

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৩:২৯ এএম

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা ‘গ্রিন জোন’-এর নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভ করেছেন শত শত বিক্ষোভকারী। আলজাজিরার প্রতিবেদনে এই বিক্ষোভকারীদের দেশটির শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সদরের সমর্থকরা তার প্রতিপক্ষ এবং ইরান সমর্থিত মোহাম্মদ শিয়া আল-সুদানিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে গত বুধবার পার্লামেন্টে তাণ্ডব চালায়। তবে এ ঘটনার সময় পার্লামেন্টের ভেতরে কোনো আইনপ্রণেতা ছিলেন না।

বিক্ষোভকারীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে নিষ্ক্রিয়তা লক্ষ করা যায়। কিছু বিক্ষোভকারী পার্লামেন্টের ভেতরে ঢুকে চেয়ার-টেবিলে বসে পড়েন। প্রকাশিত ছবিতে অনেককে টেবিলে শুয়ে থাকতেও দেখা যায়।    

পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিদেশি মিশনগুলোর সুরক্ষা, নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে নিরাপত্তা বাহিনী কঠোর হতে বাধ্য হবে বলে জানিয়েছেন তিনি। 

২০২১ সালের অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল-সদরের ব্লক ৭৩ আসনে জয়ী হয়। কিন্তু ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে এবং আল-সদর রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরে এসেছেন। আপাতত নির্বাচিত প্রধানমন্ত্রী ছাড়াই চলছে ইরাক।

যদিও সদরের ব্লকই সর্বশেষ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। বুধবার পার্লামেন্টে বিক্ষোভের সময় অনেকেই শিয়া এই নেতার প্রতিকৃতি বহন করছিলেন বলেও জানায় আলজাজিরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত