অমিত হাবিবের দ্বিতীয় জানাজা সম্পন্ন

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১১:৫৯ এএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় প্রেসক্লাবের মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন।

এতে অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকালের সম্পাদক মোজাম্মেল হোসেন, ডিবিসি সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সহ-সভাপতি হাসান হাবীব। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা এবং তার সহকর্মীরা জানাজায় অংশ নেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে বাংলামোটরের দেশ রূপান্তরের কার্যালয় প্রাঙ্গনে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে রূপায়ন গ্রুপ ও তার সহকর্মীদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুলসহ রূপায়ণ গ্রুপের পরিচালক এবং কর্মকর্তারা অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদত মাহবুবউল আলম হানিফ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদও অমিত হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (ক্র্যাব) বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত