অমিত হাবিবের জন্য শোক

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০১:৩৬ এএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে শোকগ্রস্ত তার পরিবারের সদস্য থেকে শুরু করে পুরো সাংবাদিক সমাজ। তিন যুগ ধরে বাংলাদেশের গণমাধ্যমে নতুন ধরনের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ স্তরের মানুষও। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বাংলাদেশের সাংবাদিকদের ফেইসবুকই হয়ে ওঠে ‘অমিত হাবিবের’ শোক বই। সেই রাতেই গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুলসহ রূপায়ণ গ্রুপের পরিচালক এবং কর্মকর্তারা। এছাড়া শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

গতকাল শুক্রবারও বিভিন্ন শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অমিত হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ব্যক্তিগত বার্তায় অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, নিভৃতে থাকা এই সাংবাদিক নেপথ্যে থেকে যেমন অসংখ্য সাংবাদিক তৈরি করেছেন, তেমনি বাংলাদেশের গণমাধ্যমে নতুন ধরনের সাংবাদিকতায় তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ রূপান্তর পত্রিকা প্রকাশ করে তিনি সুধীজনের প্রশংসা অর্জন করেছিলেন। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে লিখে গেছেন। তার মৃত্যু সতীর্থদের জন্য খুবই বেদনার।

দেশ রূপান্তর সম্পাদক, সাংবাদিক গড়ার কারিগর অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র শোকবার্তায় বলেন, অমিত হাবিব ছিলেন বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ। সাংবাদিকতায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গণমাধ্যম জগতে অপূরণীয় ক্ষতি হলো।

অমিত হাবিবের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম ও মহাসচিব রেদোয়ান আহমদ। তারা বলেন, অমিত হাবিবের মৃত্যুতে দেশ হারাল একজন গুণী সম্পাদককে। তার মৃত্যুতে গণমাধ্যম ও দেশ হারাল একজন অমূল্য রতন। তার অভাব পূরণ হওয়ার নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ড. কামাল হোসেন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণফোরাম। গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে বলেন, অমিত হাবিবের মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ হারাল একজন দেশপ্রেমী খ্যাতিমান সাংবাদিক। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অমিত হাবিবের ইন্তেকালে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুম অমিত হাবিব সাংবাদিকতার শুরু থেকে সর্বোচ্চ পর্যায় সম্পাদক পর্যন্ত বিভিন্ন স্তরের দায়িত্ব পালন করে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কলমযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালে সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ তার শোকবার্তায় বলেন, আমরা দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার মৃত্যুতে দেশ একজন পেশাদার, দক্ষ সাংবাদিক ও সৎ সম্পাদককে হারিয়েছে। তার সাহচর্য ও সহযোগিতায় অনেক সাংবাদিক পেশাগত ক্ষেত্রে দক্ষতা ও সুনাম অর্জন করেছেন। তার সম্পাদনায় দৈনিক দেশ রূপান্তরও সংবাদপত্রের ক্ষেত্রে বিশিষ্টতার ছাপ রেখেছে। তিনি বলেন, অমিত হাবিবের শূন্যতা অনেক দিন অনুভূত হবে।

অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। গতকাল শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, অমিত হাবিব শুধু একজন সাংবাদিক বা সম্পাদক ছিলেন না, তিনি ছিলেন খবরের ভেতরের খবর বের করে আনার মতো সংবাদকর্মী তৈরির প্রতিষ্ঠান। তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল সম্পাদক ও সংগঠককে হারাল। বাসদের পক্ষ থেকে আমরা তার সৃষ্টিশীল কাজের প্রতি শ্রদ্ধা জানাই।

অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গতকাল এক শোকবার্তায় প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। শোকবার্তায় জিএম কাদের বলেন, মানুষ হিসেবেও বড় ছিলেন সাংবাদিক অমিত হাবিব। দেশের গণমাধ্যমের বিকাশে অসামান্য অবদান রেখেছেন তিনি। নতুন প্রজন্মের গণমাধ্যমকর্মীদের সামনে অমিত হাবিব আদর্শ হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়। শুধু দেশ নয়, বিদেশি গণমাধ্যমেও তার ছোঁয়া অম্লান হয়ে থাকবে।

দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

অমিত হাবিবের মৃত্যুতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শোক জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এছাড়া দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। দেশের কোথাও কোথাও তার রুহের মাগফিরাত কামনা করে হয়েছে দোয়া মাহফিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত