বর্তমানে ভিয়েতনামে কর্মরত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার নিযুক্ত হয়েছেন। গতকাল শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এক বিবৃতিতে জানায়, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফএস) ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা ভার্মা বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন। বাসস
বিবৃতিতে বলা হয়েছে, ভার্মা এর আগে এমইএতে পূর্ব এশিয়া ডিভিশনের মহাপরিচালক (ডিজি) এবং ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টে এক্সটারনাল রিলেশনশিপের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের নতুন হাইকমিশনার হতে চলেছেন।
যুক্তরাজ্যে বর্তমান ভারতীয় হাইকমিশনার গায়ত্রী ইসার কুমার ৩০ জুন চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে এমইএতে অতিরিক্ত সচিব সন্দীপ আর্যকে ভিয়েতনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করেছে। তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা।
