চুলের যত্নে করণীয়

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২:১৮ এএম

চুলের পরিচর্যায় প্রচুর খরচ করেও অনেকের চুলের স্বাস্থ্য ফেরে না। এর কারণ লুকিয়ে থাকতে পারে মাথার ত্বকে। চুলের পুষ্টি আসে মাথার ত্বক থেকে। তাই গোড়া ঠিক না থাকলে হাজার চেষ্টাতেও ভালো হবে না চুল। কীভাবে ভালো থাকবে মাথার ত্বক, জেনে নেওয়া যাক

মৃদু প্রসাধনী : মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ রয়েছে এমন প্রসাধনী এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে যে যে প্রসাধন সামগ্রীতে সালফেট, অ্যালকোহল বা অতিরিক্ত সুগন্ধি থাকে, সেগুলো মাথার ত্বকের স্বাভাবিক তৈলগ্রন্থিগুলোর ক্ষরণ ব্যাহত করতে পারে। ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। দেখা দিতে পারে চুলকানি।

শ্যাম্পু করার সময় : যখন শ্যাম্পু করবেন তখন মাথার ত্বক জোরে নখ দিয়ে ঘষবেন না। এর পরিবর্তে আঙুলের আগা দিয়ে আলতো মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে, ত্বকেরও কোনো ক্ষতি হবে না।

মাথা ধোয়া : অনেকে ভাবেন যত বার মাথা ধোয়া যায় ততই বোধহয় ভালো। কিন্তু যাদের মাথা এমনিই শুষ্ক তাদের ঘন ঘন মাথা ধোয়া অনুচিত। এতে মাথার ত্বকে জমে থাকা তেলের পরিমাণ দ্রুত কমে যায়। নষ্ট হয় আর্দ্রতা।

অ্যান্টি-অক্সিডেন্ট খাবার : অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে জারণঘটিত চাপের পরিমাণ কমায়। শরীরে জারণঘটিত চাপ বৃদ্ধি পাওয়ার অর্থ, ক্ষতিকর কিছু রাসায়নিক উপাদানের পরিমাণ বেড়ে যাওয়া। শুধু চুলের ক্ষতিই নয়, এই চাপ বেড়ে গেলে দেখা দিতে পারে ডায়াবেটিস বা হার্টের সমস্যাও। তাই অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত জরুরি। এতে ভালো থাকে মাথার ত্বকও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত