ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

প্রথম হয়ে অমিত হাবিবকে উৎসর্গ করলেন সুইটি

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০১:৫১ এএম

‘ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’-এর পত্রিকা ও অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি। তিনি পুরস্কারটি উৎসর্গ করেন দেশ রূপান্তরের সদ্যপ্রয়াত সম্পাদক অমিত হাবিবকে।

ডিজিটাল বাংলাদেশ ট্যুর নিয়ে প্রতিবেদন করে ২ ক্যাটাগরিতে ৯ প্রতিবেদককে পুরস্কৃত করল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। পত্রিকা ও অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি উম্মুল ওয়ারা সুইটি, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে মণ্ডল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার সৈয়দ এলতেফাত হোসাইন, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত এবং দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী।

টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শেখ রাকিবুল্লাহ হাসান, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিৎ রায়, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ এবং বাংলাভিশনের স্টাফ রিপোর্টার শিহাব হোসাইন।

৩০০ প্রতিবেদন মূল্যায়ন করে এ পুরস্কার দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর পর্যটন ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনলাইন সংযুক্তিতে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ধাপে ধাপে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। আগামী ২০২৫ সালের মধ্যে ঘরে ঘরে উচ্চগতির ইন্টারনেট চলে যাবে। প্রতিটি গ্রামে একটি করে ইন্টারনেট ক্যাফে হবে।’

চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশের সাংবাদিকরা যেন বিশ্বে নেতৃত্ব দিতে পারেন সেজন্য ডিজিটাল লিডারশিপ ট্রেনিংয়ে তাদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্র্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত