মাঙ্কিপক্স নিয়ে সতর্ক করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে এখনো এ রোগের কোনো রোগী ধরা পড়েনি। দেশের মানুষকে যেকোনো ধরনের গুজব বা আতঙ্ক এড়িয়ে চলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শমতো এ রোগ থেকেও আমরা জাতিকে নিরাপদ রাখতে পারব।
গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মাঙ্কিপক্স নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য।
এ সময় গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘সম্প্রতি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটি দেশে একটি ফুসকুড়িসহ জ¦রের ঘটনা ঘটেছে; যা মাঙ্কিপক্স হিসেবে নির্ণয় করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী এ পর্যন্ত প্রায় ১৭ হাজার মাঙ্কিপক্স রোগী পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সকে শনাক্তযোগ্য ও বর্ধনশীল ব্যাধি হিসেবে বর্ণনা করেছে।’
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের রক্তচক্ষু উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। পদ্মা সেতুর অর্জনের মতো স্বাস্থ্য খাতে সুপার স্পেশালাইজড হাসপাতালও দেশের জন্য একটি বিরাট অর্জন বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত এ সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হবে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক প্রমুখ।
