অনিবাসী বৈদেশিক মুদ্রা জমা হিসাবের ওপর সুদের হার নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে। এর মাধ্যমে অনিবাসী বৈদেশিক মুদ্রা জমা হিসাবের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়। সার্কুলার অনুযায়ী, সংশ্লিষ্ট মুদ্রার বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে সুদের হার যুক্ত থাকবে। এক বছর থেকে তিন বছর পর্যন্ত জমার ওপর বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ২ দশমিক ২৫ শতাংশ সুদহার প্রযোজ্য হবে। অপরদিকে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ৩ দশমিক ২৫ শতাংশ সুদহার তিন বছরের অধিক কিন্তু পাঁচ বছর পর্যন্ত সময়ের জমার জন্য প্রযোজ্য হবে।
এর আগে গত ১৭ জুলাই অনিবাসী বৈদেশিক মুদ্রা জমা আকৃষ্ট করার জন্য ইউরোকারেন্সি রেট প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছিল। সংশ্লিষ্টদের মতে সুদের হার নির্ধারণের ফলে প্রবাসী বাংলাদেশিরা অনিবাসী বৈদেশিক মুদ্রা জমা হিসাবে অর্থ জমা করতে আগ্রহী হবেন।
