দেশে চলতি বছরের জুলাই মাসে ৩ হাজার ৮০৪টি সড়কপথ দুর্ঘটনায় ক্ষতি হয়েছে ৬৫৩,২৩,৮১,০৫০ টাকা। দুর্ঘটনার এ পরিমাণ এযাবৎকালের রেকর্ড বলে দাবি করেছে সংগঠনটি। দুর্ঘটনায় আহত হয়েছে মোট ৩ হাজার ৪৭২ জন এবং নিহত হয়েছে ৮৭১ জন।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সী ২৩১, শিক্ষার্থী ১৯০, নারী ২৫৫, শিশু ৪৫ এবং পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি ১৫০ জন। শিক্ষার্থী ও তরুণদের অধিকাংশের মৃত্যু হয়েছে বাইক লেন না থাকার কারণে। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চলার কারণে প্রাইভেট কার, বাস ও ট্রাক দুর্ঘটনাগুলো ঘটেছে। এসব বাহনের অধিকাংশ চালকের বয়স ১৮ থেকে ৪০ বছর।
দেশের ২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যের পাশাপাশি সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে, গতকাল সোমবার সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো, নিয়ম না মানা ও হেলমেট ব্যবহারে অনীহার কারণে ১ হাজার ১০৪টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৬৩ জন এবং নিহত হয়েছেন ২০৩ জন; অসাবধানতা ও ঘুমন্তপ্রায় চোখে দ্রুত চালানোর কারণে ৭৩৩টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৭১৪ জন এবং নিহত হয়েছেন ১৬৫ জন; খানাখন্দক, অচল রাস্তাঘাট আর সড়কপথে নৈরাজ্যের কারণে ১ হাজার ৫টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৩২ ও নিহত হয়েছেন ৩২০ জন; পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার কারণে লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারিচালিত রিকশা-সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনা ঘটেছে ৯৬২টি, তাতে আহত হয়েছেন ৭৬৩ এবং নিহত হয়েছেন ১৮০ জন।
বলা হয়, গত ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত নৌ-দুর্ঘটনা ঘটেছে ১১৮টি, তাতে আহত হয়েছেন ৩২১ জন এবং নিহত হয়েছেন ১৯ জন; রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১৪২টি, আহত হয়েছেন ২৩২ জন এবং নিহত হয়েছেন ২৪ জন। আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি টাকার।
বাইক লেন না থাকায় সারা দেশে সড়ক দুর্ঘটনা যেমন বেড়েছে, তেমনি ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যানগুলোও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে।
সেভ দ্য রোড নেতারা পদ্মা সেতুসহ সারা দেশে সড়ক-মহাসড়ক-সেতুতে বাইক লেন, গতিসীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ এবং সড়কে ৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ বসানোর সুপারিশ করেন।
