দুই শিক্ষার্থীর ওপর হামলা

ধর্মঘটে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:২৬ এএম

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ ছাড়া অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাকও দিয়েছেন তারা।

আন্দোলনের কারণে বিপাকে পড়েছেন ওসমানী হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা।

পুলিশ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা জানান, গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর স্বজনেরা কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর দুর্ব্যবহারকারী দুজনকে পুলিশের হাতের তুলে দেওয়া হয়। এ ঘটনার জেরে গতকাল রাতে বহিরাগতরা ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়। আহত দুই শিক্ষার্থী হলেন রুদ্র নাথ ও নাঈমুর রহমান ইমন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক আন্দোলনে নামেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মুনতাকিম দেশ রূপান্তরকে বলেন, ‘গত রবিবার একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনরা খারাপ ব্যবহার করে। পরে তাদের পুলিশে দেওয়া হয়। এর জেরে একদল বহিরাগত লোক কলেজ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা কাজে যোগ দেব না।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত