‘বঙ্গবন্ধু উদার রাজনৈতিক দর্শনের ধারক ছিলেন’

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:৩১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়োপযোগী উদার রাজনৈতিক দর্শনের ধারক ছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘সাড়ে তিন বছরে কীভাবে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড় করিয়েছিলেন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তার সমস্ত দর্শনের প্রতিফলন বুঝতে পারব।’ গতকাল সোমবার বিকেলে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, ‘বিংশ শতাব্দীর মহান নেতা হিসেবে তুর্কির জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে। বঙ্গবন্ধু নিজেও সাম্রাজ্যবাদবিরোধী ও আধুনিক চিন্তাধারার বাহক কামাল আতার্তুকের দ্বারা প্রভাবিত ছিলেন। আঙ্কারাতে বঙ্গবন্ধুর নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। গত বছর তার জন্মশতবর্ষ উপলক্ষে আঙ্কারাতে একটি পার্কের নামকরণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কামাল আতাতুর্কের স্মরণে শিগগিরই বাংলাদেশের কামাল আতার্তুক অ্যাভিনিউতেও তার ভাস্কর্য স্থাপন ও একটি পার্কের নামকরণ করা হবে। কামাল আতার্তুক ও বঙ্গবন্ধু দুজনই দুটি দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের দর্পণ হচ্ছে বাহাত্তরের সংবিধান। তার পুরো জীবন হচ্ছে ধর্মনিরপেক্ষ মানবতার জন্য সংগ্রাম।’ সভায় আরও বক্তব্য রাখেন অ্যারোমা দত্ত এমপি, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত