রাজস্ব আয় ৩ লাখ কোটি টাকা ছাড়াল

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১:৩৬ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয় প্রথমবারের মতো ৩ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে ৩ লাখ ১৭৯ কোটি টাকা আদায় হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ৫১ শতাংশ বেশি। ওই বছরে আদায়ে হয়েছিল ২ লাখ ৫৯ হাজার ৮৮১ কোটি টাকা।

এনবিআরের প্রাথমিক হিসাবে বিদায়ী অর্থবছরে এবারই প্রথম এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ কোটি টাকা ছাড়ায়। অবশ্য আয় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০ হাজার কোটি টাকার ঘাটতিতে পড়েছে সংস্থাটি। গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল।

করোনা মহামারী অর্থনীতিকে মূলত এক ধরনের চাপে রেখেছিল ২০১৯-২০ অর্থবছরে। এমন পরিস্থিতিতে ওই অর্থবছরে রাজস্ব সংগ্রহে অস্বাভাবিক পতন ঘটেছিল। পরবর্তী সময়ে অবশ্য ২০২০-২১ অর্থবছরে কর আদায় ২০ শতাংশ বেড়েছিল। ২০২১-২২ অর্থবছরে আয় প্রবৃদ্ধি শতাংশের হিসাবে অন্যান্য বছরকে ছাড়িয়ে যায়।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মহামারী করোনা স্বাভাবিক হওয়ার আগেই শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আয়ের ১৫ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি সন্তোষজনক। তিনি আরও জানান, যদিও তারা গত কয়েক বছর ধরে রাজস্ব আদায়ের লক্ষ্য ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিচ্ছেন কিন্তু এই প্রথম তারা অর্জন করতে সক্ষম হয়েছেন। এতে বোঝা যায় দেশের অর্থনীতি মহামারী থেকে পুনরুদ্ধারের দিকে রয়েছে।

এনবিআরের প্রাথমিক তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে আয়কর সংগ্রহ সর্বোচ্চ ২০ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১ লাখ ২ হাজার ৩৩৭ কোটি টাকা হয়েছে, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৮৫ হাজার ২২৪ কোটি টাকা।

সরকার আয়করের আওতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ভ্যাট আদায়ে খুব বেশি প্রবৃদ্ধি হয়নি। রাজস্বের সবচেয়ে বড় উৎস ভ্যাট আদায়ের পরিমাণ গেল অর্থবছরে মাত্র ১১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ লাখ ৮ হাজার ৪১৮ কোটি টাকা হয়েছে, যা আগের বছর ছিল ৯৭ হাজার ৫০৭ কোটি টাকা। আমদানি ও রপ্তানি পর্যায়ে শুল্ক থেকে আয় গেল অর্থবছরে ১৫ দশমিক ৯১ শতাংশ বেড়ে ৮৯ হাজার ৪২৩ কোটি টাকা হয়েছে, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৭৭ হাজার ১৫০ কোটি টাকা। কর্মকর্তারা বলেছেন, বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বাড়ায় আমদানি শুল্ক বাড়তে পারে।

এছাড়াও সদ্য সমাপ্ত অর্থবছরে এনবিআরবহির্ভূত রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। এনবিআরবহির্ভূত কর হিসাবে ৩৬ হাজার ৩০৪ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে সরকার, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৫৮ হাজার ৮৫৬ কোটি টাকার কম। এনবিআরবহির্ভূত রাজস্ব প্রাপ্তি কমে যাওয়ার কারণ ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে কর সংগ্রহ কমে গেছে। তবে নন-ট্যাক্স রাজস্ব কর প্রাপ্তি কিছুটা বেড়েছে। নন-ট্যাক্স রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৬ কোটি, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৫ হাজার ৯১৬ কোটি টাকা।

তবে সদ্য সমাপ্ত অর্থবছরে সরকারের সামগ্রিক রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৮৮৯ কোটি টাকা। রাজস্ব আদায় বৃদ্ধি পাওয়ার পরও রাজস্ব আদায়কারী এখনো লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ হাজার ৮২০ কোটি ৯২ লাখ টাকা পিছিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত