চলতি আগস্ট মাসে প্রতি কেজি এলপি গ্যাসের দাম প্রায় ৩ টাকা কমেছে। এই হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা। একইভাবে দাম কমেছে অটোগ্যাসেরও। জুলাই মাসে দাম কিছুটা বাড়ার পর চলতি মাসে কিছুটা কমেছে এলপিজির দাম।
গতকাল মঙ্গলবার ভার্চুয়ালি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত নতুন দাম গতকাল সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। চলতি মাসে দাম সমন্বয়ের ফলে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমেছে। প্রতি কেজি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৬২ পয়সা। আগের মাস জুলাইয়ে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা। এই হিসাবে এখন ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২১৯ টাকা, যা জুলাই মাসে ছিল ১ হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা। অন্যদিকে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা জুলাই মাসে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।
এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম কিছুটা কমেছে। রেটিকুলেটেড এলপিজি প্রতি কেজির দাম ৯৮ দশমিক ৩৮ টাকা এবং রেটিকুলেটেড গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ২১৮৬ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭২৫ ডলার থেকে কমে ৬৭০ এবং ৭২৫ থেকে কমে ৬৬০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত বিবেচনায় আগস্ট মাসের জন্য দাম সমন্বয় করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূল্য সংযোজন কর (ভ্যাট) বেড়েছে। সব মিলিয়ে প্রতি কেজিতে দাম খুব বেশি একটা কমানো যায়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
