ব্রুজনকে জরিমানা ক্রুসিয়ানি নিষিদ্ধ

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১১:৫৯ পিএম

শৃঙ্খলাভঙ্গের কারণে আন্দ্রেয়াস ক্রুসিয়ানি এবং অস্কার ব্রুজন যে শাস্তির মুখে পড়তে পারেন তা আগেই ধারণা করা হচ্ছিল। মঙ্গলবার সেটাই সত্যি হয়েছে। সাইফ স্পোর্টিংয়ের আর্জেন্টাইন কোচকে দেশের ফুটবলে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর আচরণবিধি ভাঙার কারণে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

ব্রুজন ১৮ জুলাই একটি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২২-এর সূচি, মাঠ সবকিছুই আবাহনীর পক্ষে ছিল বলে মন্তব্য করেন। বাফুফে ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে এ বিষয়ে তাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে। যে কারণে কিংসের কোচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্রুসিয়ানি গত ২৬ জুলাই উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে প্রবেশ করেন। তখন চতুর্থ রেফারি তাকে মাঠ থেকে বের করার চেষ্টা করলে তিনি সেই রেফারির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং মাথা দিয়ে তাকে আঘাত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত