জাতীয় সরকারে একমত বিএনপি ও গণ অধিকার

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০১:৫৭ এএম

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করার বিষয়ে একমত হয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদ। নির্বাচনের পরে যে সরকার হবে সে সরকার রাষ্ট্র-সংস্কারের উদ্যোগ নেবে। সংলাপে এ কথা জানান দুই দলের শীর্ষ নেতারা।

গতকাল বুধবার সকালে রাজধানীর পল্টনে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে দেড় ঘণ্টার সংলাপ শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরু।

সংলাপ শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়এ ব্যাপারে আমরা একমত। আমরা এ বিষয়েও একমত হয়েছি যে, আর এ সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। কারণ এ সরকার অত্যন্ত চতুরতার সঙ্গে এবং সচেতনভাবে আমাদের যেসব অর্জন ছিল যেমন গণতন্ত্র, বাকস্বাধীনতা, সাম্য ও সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচারের অধিকারসব ধ্বংস করে দিয়েছে। আমরা একমত হয়েছি, এ আন্দোলন আমরা যুগপৎভাবে করব।’

তিনি বলেন, ‘সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নতুন নির্বাচন কমিশন গঠন প্রভৃতি বিষয়ে আমরা গণ অধিকারের সঙ্গে একমত হয়েছি। সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের পার্লামেন্ট ও সরকার গঠন করব, যে সরকার সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে। তারপর আমরা রাষ্ট্র-মেরামতের জন্য সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এ বিষয়টি আলোচনার মধ্যে আছে।’

ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমাদের মধ্যে খুব ইতিবাচক আলোচনা হয়েছে; আমরা অনেক ব্যাপারে একমত। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে আমরা বুঝেছি যে, আমরা একই পথে, একই চিন্তায় রয়েছি। আমাদের খুব বেশি ব্যাপারে দ্বিমত নেই। যারা বাংলাদেশে পরিবর্তন চায় তাদের জন্য এটা সুখবর।’

নুরুল হক নূরু বলেন, ‘দেশের চলমান সংকটে রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়েছে। চলমান সংকটের বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের খুব একটা পার্থক্য নেই; সংকট-উত্তরণে করণীয় নিয়েও আমাদের তেমন দ্বিমত নেই। আজকের আলোচিত ১০ বিষয়ে আমরা একমত পোষণ করেছি।’

তিনি বলেন, ‘দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে পদত্যাগে বাধ্য করা, সংসদ বিলুপ্ত করা, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন করা ও ইভিএম-পদ্ধতি বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণের ব্যবস্থা করা।’

সংলাপে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন। গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, হাবিবুর রহমান, রাশেদ খান, ফারুক হাসান ও জিসান মহসিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত