সুর বদলালেন সুজন, দায় দিলেন ক্রিকেটারদের

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০১:৩৪ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারাটাকে অসম্মানজনক বলে মনে করছেন বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সিরিজ শুরুর আগে মাহমুদ বলেছিলেন এই সিরিজের বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও তিনি আপসেট হবেন না। কিন্তু সিরিজ হারার পর এখন তিনি বলছেন উল্টো কথা।

হারারেতে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১০ রানে হারিয়ে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম খেলায় ১৭ রানে হারলেও দ্বিতীয়টিতে সাত উইকেটের জয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যর্থ হয় তারা।

তাদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারের পর দেশের ক্রিকেটে চলছে প্রবল সমালোচনা। ট্রলের বন্যায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশে যে কথা বলেছিলেন মাহমুদ, সেই সুর পাল্টে গেল জিম্বাবুয়েতে সিরিজ হারের পর।

এর মধ্যেই বুধবার হারারেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদ বলেন, ‘এই হার মেনে নেওয়ার মতো নয়। আমি যদি এক কথায় বলি, আমার জন্য অপমানজনক। সত্যি কথা বলতে গেলে আমি কোনো দিনও আশা করিনি যে, আমরা ওভাবে হারব কালকে। কিন্তু আমাদের এখন আর কোনো অজুহাত দাঁড় করানোর কিছুই নেই আসলে।’

হারলেও আপসেট হবেন না, জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে থাকা মাহমুদ নিজের এই কথার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘কথাটা আমি এই জন্য বলেছিলাম যে, আমি ওদের চাপ দিতে চাইনি। ৩-০ ব্যাবধানে হারলেও যে সমস্যা নাই… আমি চাচ্ছিলাম একটা দল দাঁড় করাতে। সামনে তো আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। (আমার) সমালোচনা তো… বলে আর লাভ নাই। ছেলেদের মধ‍্যে সামর্থ‍্য আছে, আমরা ভুলের জন‍্যই পারিনি।’

অসম্মানজনক দাবি করা এই হারের জন্য সুজন দায় দিলেন ক্রিকেটারদের। তিনি বলেন, ‘আমরা বারবার বলি, নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে। কিন্তু আমরা কবে সে শিক্ষাটা নেব? আমি সম্পূর্ণ দোষ দেব ক্রিকেটারদের। তাদের প্রয়োগ সম্পূর্ণ ভুল ছিল।’

সিরিজ দেখে সাবেক অধিনায়ক মাহমুদের মনে হয়েছে, ‘ভয়ের বৃত্তেই রয়ে গেছে দল ছেলেদের মধ্যে ভয়ের একটা ব্যাপার কাজ করে। আমি বলব, ভীতি নিয়ে খেললে এই সংস্করণে জেতা খুবই কঠিন। আমার মনে হয়, ব‍্যাটিংয়ে ভয়টা থাকছে, বোলিংয়ে ভয়টা থাকছে। তরুণ দলের যেভাবে ফিল্ডিং করা উচিত, সেটাও হয়নি। প্রতিটি ম্যাচেই ক‍্যাচ মিস হয়েছে, মিস ফিল্ডিং তো হয়েছেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত