ভিসা জটিলতার কারণে চলমান ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। কারণ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তবে শেষ মুহূর্তে ভিসা জটিলতার অবসান হয়েছে। তাই দুই টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে শঙ্কাও দূর হয়েছে।
ভিসা প্রক্রিয়ায় দেরি হওয়ায় গায়ানার রাষ্ট্রপ্রধান ইরফান আলির হস্তক্ষপের প্রয়োজন ছিল। তাকে নিশ্চিত করতে হয়েছে ভিসা পেতে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজ-পত্রে উল্লেখিত সব তথ্য সঠিক।
আশা করা হয়েছিল যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সেন্ট কিটস থেকেই ভিসা পাওয়া যাবে। কিন্তু সেটা না হওয়ায় দুই দলের বেশিরভাগ সদস্য একটি চ্যার্টার বিমানে করে জর্জটাউন থেকে মিয়ামি যাবেন। যাদের মধ্যে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন। তবে যাদের ভিসা হয়েছে তারা সেন্ট কিটস থেকেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন।
যদিও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আশা করছিল, আকস্মিক তৈরি হওয়া সমস্যা যে কোনো সময়ে সমাধান হয়ে যাবে। তবে বিকল্প হিসেবে পোর্ট অব স্পেনে বাকি দুই ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা সেরে রেখেছিল তারা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চলমান এই টি-টোয়েন্টি সিরিজে একের পর এক সমস্যা এসে হাজির হচ্ছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লাগেস দেরিতে আসার মতো অদ্ভুত কারণে তিন ঘণ্টা দেরি হয়েছে ম্যাচ শুরু হতে। সেই জেরে তৃতীয় ম্যাচে আয়োজকরা বাধ্য হয়েছেন দেড় ঘণ্টা দেরি করে খেলা শুরু করতে, যাতে করে দুই ম্যাচের মাঝে খেলোয়াড় পর্যাপ্ত বিরতি পায়।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। আগামী ৬ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি খেলা।
