দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকের আয় বেড়েছে ১১ শতাংশ

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১১:৩৩ পিএম

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি আয় করেছে টেলিকম খাতের অন্যতম শীর্ষস্থানীয় অপারেটর বাংলালিংক। দুই অঙ্কের প্রবৃদ্ধির এ তথ্য প্রকাশ করেছে বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন।

ভিওনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেওয়া তথ্যে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকের মোট আয় ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় ইন্টারনেট ডেটা বিক্রি থেকে আয় ২২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি ও ফোর-জি ব্যবহারকারীর সংখ্যা ৩৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি এ প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়। বাংলালিংক গ্রাহকদের ডেটা ব্যবহারও আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৩০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, দেশজুড়ে দ্রুততম ইন্টারনেট পৌঁছে দিতে বাংলালিংকের ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ চলমান রয়েছে। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বাংলালিংকের ফোর-জি সাইটের সংখ্যা ৩৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১২ হাজার ৭০০-তে পৌঁছেছে।

বাংলালিংকের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি-এর ভালো ফলাফলও অব্যাহত রয়েছে। আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৮ শতাংশ বেড়ে প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৬৮ লাখে পৌঁছেছে। এছাড়া টফিতে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যাও বেড়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৯৮ দশমিক ৪ শতাংশ বেড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখে।

সন্তোষজনক এ প্রবৃদ্ধির ব্যাপারে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের ক্রমোন্নতির নতুন উচ্চতাকে প্রতিফলিত করছে। গত বছরের প্রতিশ্রুতি অনুসারে আমরা এই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছি। এছাড়া ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এ সময়ে আমরা বন্যাআক্রান্ত এলাকায় নানা প্রতিকূলতার মধ্যেও নেটওয়ার্ক সচল রাখতে পেরেছি। আমরা এই প্রান্তিকের ফলাফলে অনুপ্রাণিত এবং ভবিষ্যতে প্রবৃদ্ধির এ ধারাকে অব্যাহত রাখতে চাই।’ বাংলালিংক গ্রাহকদের দ্রুততম ইন্টারনেট এবং মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান নেদারল্যান্ডসভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত