সিটি ব্যাংক তাদের ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৪ পয়সা, যা ২০২১ সালের একই সময়ে ছিল ২ টাকা ১৬ পয়সা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২১৭ কোটি ২২ লাখ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ২৩০ কোটি ৭৩ লাখ টাকা। এ সময়ে সাবসিডিয়ারি ছাড়া শুধু ব্যাংকটির (সোলো বেসিস) কর-পরবর্তী মুনাফা গত বছর প্রথম ছয় মাসের চেয়ে ১০ কোটি টাকা বেড়েছে। গত বছরের প্রথম ছয় মাসে যা ছিল ১৯৫ কোটি ৮০ লাখ টাকা, যা চলতি বছরের প্রথম ছয় মাসে দাঁড়িয়েছে ২০৬ কোটি টাকা।
আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। বিজ্ঞপ্তি
