ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ-সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ৩১টি জীবন বীমা রয়েছে। সবটিরই নমিনি হিসেবে আছে মন্ত্রিত্ব ও তৃণমূলের সদস্যপদ হারানো পার্থের নাম।
গত বুধবার পার্থ ও অর্পিতাকে আদালতে হাজির করে এই দাবি করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আদালতে শুনানিতে ইডির আইনজীবী বলেন, মডেল-অভিনেত্রী অর্পিতার নামে ৩১টি জীবন বীমা রয়েছে। যার মোট মূল্য কয়েক কোটি রুপি। প্রতিটি জীবন বীমার নমিনি তৃণমূলের বরখাস্ত হওয়া মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এসব তথ্যে বোঝা যাচ্ছে তাদের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ।
বুধবার পার্থ ও অর্পিতার ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাদের বিশেষ আদালতে হাজির করা হয়। সেখানে ইডি দাবি করে, অর্পিতা তদন্তে সহযোগিতা করলেও পার্থ করছেন না।
তাদের আরও চার দিন হেফাজতে নেওয়ার আবেদন করে ইডির আইনজীবী জানান, অর্পিতা ও পার্থর যৌথ সংস্থা অপা ইউটিলিটিজ প্রাইভেট লিমিটেডের নামে অন্তত ৪টি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটগুলোর খোঁজ চলছে। সেসব জায়গাতেও বিপুল পরিমাণ টাকা থাকতে পারে।
দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক পার্থ-অর্পিতাকে আরও দুই দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। শুক্রবার আবার তাদের আদালতে হাজির করতে হবে।
প্রসঙ্গত শিক্ষামন্ত্রী পদে থাকার সময় সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি-আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের আগে টানা জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর তার ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে প্রথম দফায় ২১ কোটি এবং দ্বিতীয় দফায় আরেক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৯ কোটি রুপি। ইডির জিজ্ঞাসাবাদে অর্পিতা দাবি করেন সব টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের।
