জোড়া সেঞ্চুরিতে জয়ের পথে জিম্বাবুয়ে

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৮:৫১ পিএম

ইনোসেন্ট কাইয়ার প্রথম ও সিকান্দার রাজার চতুর্থ শতকে জয়ের পথে জিম্বাবুয়ে। শরিফুল ইসলামের বলে মিড অফে ঠেলে সিঙ্গেল নিলেন। ড্রেসিংরুম মাতল উল্লাসে, ইনোসেন্ট কাইয়া উল্লাসে মাতালেন হারারেকেও। পঞ্চম ম্যাচে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেলেন তিনি। ১১৫ বলে মাইলফলকে পৌঁছে গেছেন। কাইয়ার উদ্‌যাপনে যেন বেশি মিশে ছিল স্বস্তি। 

তবে রাজার উল্লাসটা হলো ক্ষীপ্রই। ডাবলস নেওয়া শুরুর সঙ্গে সঙ্গেই উদ্‌যাপন শুরু করে দিলেন তিনি। রাজার ক্যারিয়ারের এটি চতুর্থ শতক। তাঁর লেগেছে মাত্র ৮১ বল। একই ওভারে দুইবার উল্লাসে মাতল হারারে।

দুজনের জুটি শুরু হয়েছিল ৬২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর। দুজন শতকের দেখা পেলেন একই ওভারে। জোড়া শতকের দিনে দুজনে গড়েছেন রেকর্ড জুটিও।

১৮০ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেটে জিম্বাবুয়ের এটি সর্বোচ্চ জুটি এখন। আগের সর্বোচ্চ ছিল দুই ভাই—অ্যান্ডি ফ্লাওয়ার ও গ্রান্ট ফ্লাওয়ারের ১৪৮ রান, ২০০১ সালে বুলাওয়েতে সেই রেকর্ড গড়েছিলেন তারা। কাইয়া-রাজার এ জুটি হারারে স্পোর্টস ক্লাব মাঠেও চতুর্থ উইকেটে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ ইউসুফের।

৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। শতক হাকানো দুই ব্যাটার রাজা ও কাইয়া আছেন অপরাজিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত