শিক্ষকের বেতে মাদ্রাসাছাত্রের মৃত্যু!

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০২:৪৯ এএম

কুমিল্লার বরুড়ায় শিক্ষকের বেত্রাঘাতে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের মারধরের কয়েক দিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গতকাল শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

মারা যাওয়া ওই মাদ্রাসাছাত্রের নাম মো. সিহাব হোসেন (১৩)। সে ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের ডিলারবাড়ির শুকুর আলীর ছেলে। সিহাব একই ইউনিয়নের মেড্ডা আল মাতিনিয়া নুরানী মাদ্রাসার ছাত্র ছিল। ওই মাদ্রাসার শিক্ষক আবদুর রবের তত্ত্বাবধানে নুরানী শিক্ষা গ্রহণ করছিল। আবদুর রবের বিরুদ্ধেই তাকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে। তাকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানায়, জ্বর হয়েছে বলে খবর দিয়ে গত বৃহস্পতিবার সিহাবকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় মাদ্রাসা কর্র্তৃপক্ষ। পরে রাতে সিহাব পরিবারের সদস্যদের জানায়, মাদ্রাসার শিক্ষক তাকে শতাধিক বেত্রাঘাত করেছে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার সকালে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে দুপুর ১টা ১২ মিনিটের সময় সিহাবের মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর জন্য মাদ্রাসার শিক্ষক আবদুর রবকে দায়ী করে সিহাবের মা খালেদা বেগম দেশ রূপান্তরকে বলেন, “আমার ছেলেকে যখন বাসায় আনা হয় তখন তার অনেক জ্বর। অনেক রাতে সিহাব আমাকে বলে, ‘হুজুর (শিক্ষক আবদুর রব) আমাকে বেত দিয়ে অনেক মেরেছে। আমার হাত থেকে ভাত পড়ে গেছে দেখে হুজুর আমাকে জোড়া বেত দিয়ে অনেক পিটিয়েছে। ওই দিন সারা রাত আমি ব্যথায় ঘুমাইতে পারি নাই।’ আমি আমার ছেলে হত্যার বিচার চাই।”

সিহাবের ভাবি সাবিকুন নাহার ঝুমুর বলেন, ‘আমার দেবরকে (সিহাব) কয়েক দিন আগে শিক্ষক আব্দুর রব বেত দিয়ে মারেন। এরপর সিহাব অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাকে ওষুধ এনে খাওয়ান। তাতেও সে সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফোন করে সিহাবের অসুস্থতার খবর জানানো হয়।’

হাসপাতালে আনার আগে পথেই সিহাবের মৃত্যু হয় বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘তার (সিহাব) শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সিহাবের মরদেহ থানায় নেওয়া হয়েছে জানিয়ে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার দেশ রূপান্তরকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল (আজ শনিবার) মর্গে পাঠানো হবে। আমরা মরদেহের পিঠে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি।’

সিহাবকে বেত্রাঘাতের অভিযোগ ওঠা শিক্ষক আবদুর রবকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যায় তার বাসা থেকে আটক করে থানায় আনা হয় বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত