তিন ফরম্যাটেই ফর্মের তুঙ্গে লিটন কুমার দাস। টাইগারদের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন। তবে সুসময় নাকি বেশিক্ষণ স্থায়ী হয় না। মাঝেমধ্যে কালো মেঘের ঘনঘটার মতো দুঃসময় উকি দিয়ে যায়। লিটন দাসের বেলায়ও যেন সেটাই হলো।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটা হেরেছে বাংলাদেশ। তার চেয়েও দুঃসংবাদ হলো, হ্যামস্ট্রিংয়ের চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন লিটন।
সুস্থ হয়ে উঠতে লিটনের যদি চার সপ্তাহ লেগে যায়, তাহলে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও তার খেলা হবে না! চলতি আগস্টের ২৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ।
তবে লিটন খুবই আত্মবিশ্বাসী। শনিবার দুপুরে তার ফেসবুক পোস্টই এর প্রমাণ। স্ত্রী সঞ্চিতার সঙ্গে ছবি পোস্ট করে লিটন লিখেছেন, 'আমি শীঘ্রই ফিরে আসব। ' লিটনের সেই পোস্টে ভক্তরা শুভ কামনায় ভরিয়ে দিচ্ছেন। লিটনের দ্রুত সুস্থতাই তো সবাই চায়।
উল্লেখ্য, গতকাল ৫ উইকেটে হারা ম্যাচে ৮৯ বলে অপরাজিত ৮১* রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন। বেড়ে গেল সপ্তম সেঞ্চুরির অপেক্ষা।
