জব্দ সোনার ২৫% পুরস্কারের সুপারিশ বাজুসের

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:৫০ পিএম

বিভিন্ন অভিযানে জব্দ হওয়া স্বর্ণের ২৫ শতাংশ কাস্টমস সদস্যদের মধ্যে বিতরণের সুপারিশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে সরকারকে এ অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে এ সংক্রান্ত পৃথক তিনটি চিঠি দিয়েছেন। স্বর্ণ চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে উদ্ধার হওয়া স্বর্ণের ২৫ শতাংশ আইন প্রয়োগকারী সংস্থা কাস্টমস সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে অবৈধ উপায়ে কোনো চোরাকারবারি যেন স্বর্ণ বা অলংকার দেশে আনতে এবং বিদেশে পাচার করতে না পারে সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, চোরাচালান প্রতিরোধ করতে গিয়ে কাস্টমস কর্র্তৃপক্ষসহ সব আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়ার স্বর্ণের মোট পরিমাণের ২৫ শতাংশ সংস্থাগুলোর সদস্যদের পুরস্কার হিসেবে প্রদান করা যেতে পারে। চিঠিতে বলা হয়েছে, মূলত চোরাচালান প্রতিরোধে কাস্টমস কর্র্তৃপক্ষসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের উৎসাহিত করার লক্ষ্যে বাজুসের এই প্রস্তাবনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত