‘এ’ দলের স্বল্প সংগ্রহ

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:৩৮ এএম

বৃষ্টিবিঘি্নত প্রথম দিনে ৬ উইকেট হারানোয় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস যে বড় হবে না বোঝা যাচ্ছিল। উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে তাই হয়েছে। শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়েছে তারা। জবাবে উইন্ডিজ ‘এ’ দ্বিতীয় দিন শেষেই বাংলাদেশের সংগ্রহের দুই রান দূরে চলে আসে। ৩ উইকেটে ১৬৫ রান করেছে তারা। ৪২ রানে দিন শুরু করা মিঠুন ফিফটি করেই বিদায় নেন। নাঈম হাসানও আগের দিনের সঙ্গে মাত্র ৩ রান করে (২৭) ফেরেন। শেষ ব্যাটার হিসেবে রেজাউর রহমান রাজা ১৩ রান করে দলকে দেড়শ পার করান। স্থানীয়দের বোলার মারকিনো মিন্ডলে নেন ৫ উইকেট। স্বাগতিকরা ব্যাট করতে নেমে প্রথম উইকেটেই ৭৮ রানের জুটি গড়েন। শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল ৪৮ রানে রান আউট হন। এর আগেই অপর ওপেনার জেরেমি সোলোজানোকে ৩২ রানে বোল্ড করেন রাজা। তিনে নামা কেসি কার্টিকে ৩৭ রানে ফেরান অফস্পিনার নাঈম। পরে অধিনায়ক জোশুয়া ডা সিলভা ১৪ ও টেভিন ইমলাচ ২৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত