জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

দেশজুড়ে বিএনপি জামায়াতের বিক্ষোভ

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০২:১২ এএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছেন বিরোধী দল বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই বিক্ষোভ কর্মসূচি পালনকালে রাজধানীতে ছয় নেতাকর্মী পুলিশের হাতে আটক হন বলে গতকাল রাতে বিএনপির আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে ঢাকার বাইরে কোনো নেতাকর্মী আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে একই ইস্যুতে গতকাল রাজধানীর শ্যামলীর শিশুমেলা এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

জানা গেছে, গত শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এর প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে সারা দেশের জেলা নেতাদের এ কর্মসূচি পালনের নির্দেশ দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল বিকেলে দেশ রূপান্তরকে এ তথ্য জানান বিএনপির খুলনা বিভাগীয়      

সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘রিজভী আহমেদের ফোন পেয়ে খুলনা বিভাগের সবগুলো জেলা সভাপতিকে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণের শাহবাগ, সূত্রাপুর, মতিঝিলসহ বিভিন্ন থানার নেতারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে শাহবাগ থানা পুলিশ বিএনপির দুজনকে আটক করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানাধীন ৭১টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল হয়েছে। এর মধ্যে বিক্ষোভ মিছিল থেকে শাহ আলী থানাধীন ৯৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিট বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আকিল মাহামুদ, মিরপুর থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিটের সভাপতি মো. শাহিন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক আটক নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দুর্নীতির প্রমাণ-ফখরুল : ভোলায় জেলা ছাত্রদল সভাপতি মো. নূরে আলম ‘হত্যা’র প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার যে দুর্নীতি করেছে, তার প্রমাণ মধ্যরাতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী বাড়িয়ে দেওয়া। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বারবার জ্বালানি তেল, ভোজ্য তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানো হচ্ছে। একের পর এক মূল্যবৃদ্ধিতে জনগণ আজ দিশেহারা।’

ছাত্রদলের এই ছাত্র সমাবেশ সকাল ৯টায় শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। সমাবেশে ছাত্রদের ব্যাপক উপস্থিতির কারণে মঞ্চের পাশের সড়কে সকালের দিকে কিছুক্ষণ যান চলাচল করলেও পরে তা বন্ধ হয়ে যায়। ছাত্রদল মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, ঢাকা বিশ^বিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীনগর বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই সমাবেশে জড়ো হন। ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থান নেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মানুষের ওপর অত্যাচার শুরু করেছে। আজকে এই সরকার দানবে পরিণত হয়েছে। তাই আওয়ামী লীগ সরকারকে হটানো আজ সবার জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আর সময় নেই। আসুন, একসাথে রাজপথে নামি। জনগণ আজ জেগে উঠেছে। ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটাতে হবে।’

ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা।

শ্যামলীতে জামায়াতের মিছিল, পুলিশের গাড়ি ভাঙচুর : গতকাল রাজধানীর শ্যামলীর শিশুমেলা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘দুপুর ১২টার দিকে শ্যামলী এলাকায় একটি মিছিল হয়েছে। মিছিল শেষে শিশুমেলায় একটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।’

গতকাল বেলা ২টা ৫৪ মিনিটে জামায়াতে ইসলামীর ফেইসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা হয়, ‘সব ধরনের জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ’। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম। ভিডিওতে দেখা যায়, মিছিলটি শ্যামলী থেকে শিশুমেলা মোড়ে এসে শেষ হয়। সেখানে এক নেতাকে হ্যান্ড মাইকে বক্তব্য দিতে দেখা যায়। ৪ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে অবশ্য পুলিশের গাড়ি ভাঙচুরের দৃশ্য দেখা যায়নি। ৩১ সেকেন্ডের অন্য আরেকটি ভিডিওতে দেখা গেছে, শিশুমেলা মোড়ে আসার পর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ: গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। নগরীর কাজির দেউড়ি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোর বিএনপি। গতকাল বেলা ১১টার দিকে শহরের আলাইপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

গাইবান্ধায় নাগরিক মঞ্চের সমাবেশ : জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ও আগের দাম বহাল রাখার দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক মঞ্চ। গতকাল দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাসের সামনে এই সমাবেশ হয়।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছে চট্টগ্রাম ব্যুরো এবং সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত